ভাসানটেকে বিস্ফোরণ

পরিবারের চার জনের পর চলে গেল সুজনও

রাজধানীর ভাসানটেক কালভার্ট রোডে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হওয়া শিশু সুজন (৮) মারা গেছে। এর আগে মারা গেছেন তার বাবা, মা, বোন ও নানি। গতকাল বুধবার দুপুর ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে শিশুটির মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি রয়েছেন তার বড় বোন লিজা।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভাসানটেকের ঘটনায় দগ্ধ সুজন গতকাল দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে তার মা সূর্য বানু (৩০), বাবা লিটন (৪৮), নানি মেহেরুন্নেছা (৮০), বোন লামিয়া (৭) চিকিৎসাধীন মারা গেছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় সুজনের বড় বোন লিজা (১৮) ৩০ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। তার অবস্থাও গুরুতর। এর আগে, গত ১২ এপ্রিল ভোর ৪টার দিকে ভাসানটেক নতুন বাজার কালভার্ট রোডের ৪/১৩ নম্বর বাসায় এ দুর্ঘটনা ঘটে।

এতে দগ্ধ হন মো. লিটন (৪৮), তার স্ত্রী সূর্য বানু (৩০), তাদের তিন সন্তান লিজা (১৮), লামিয়া (৭), সুজন (৮) ও লিটনের শাশুড়ি মেহরুন্নেছা (৮০)।