নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও জেলা জাতীয় পার্টির নেতা মাকসুদ হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা হয়েছে। গতকাল বুধবার সকালে বন্দর থানায় মামলাটি করেন তার স্ত্রী সুলতানা বেগম।
জানা গেছে, ১৯৯৮ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের ঢাকেশ্বরী এলাকার নুরুল ইসলামের মেয়ে সুলতানা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন মুছাপুর ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেন। ইসরাত জাহান শ্রাবন্তী নামে এ দম্পতির এক কন্যাসন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে মাকসুদ চেয়ারম্যানের সঙ্গে সুলতানার বনিবনা হচ্ছিল না।
মামলার এজাহারে বলা হয়, গত রবিবার রাতে মাকসুদ তার কয়েকজন বন্ধুকে নিয়ে সুলতানার বাবার বাড়ি আসেন এবং ২০২২ সালে করা একটি যৌতুক মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। এ সময় কথাকাটাকাটি একপর্যায়ে স্ত্রী-কন্যাকে মারধর এবং মামলা না তুললে প্রাণনাশের হুমকি দেন।
বন্দর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, আদালত বাদীর কাছ থেকে লিখিত আবেদন পেয়ে মামলা করার নির্দেশনা দিয়েছে। গতকাল সকালে মামলা রেকর্ড করা হয়েছে।
আগামী ৮ মে প্রথম ধাপে বন্দর উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ হবে। নির্বাচনে মাকসুদ ছাড়া অন্য চেয়ারম্যান প্রার্থীরা হলেনÑ বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এমএ রশীদ, মহানগর বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল ও মাকসুদ হোসেনের ছেলে মাহমুদুল হাসান।