জীবিত ইসরায়েলি আমেরিকান জিম্মির ভিডিও প্রকাশ করল হামাস

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হাতে জিম্মি থাকা এক ইসরায়েলি আমেরিকান তরুণ হার্শ গোল্ডবার্গ পোলিনের একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। গত ৭ অক্টোবর তাকে গুরুত্বর আহত অবস্থায় অপহরণের পরও এই তরুণ বেঁচে আছে সেই প্রমাণস্বরুপ ভিডিওটি প্রকাশ করেছে হামাস।

ভিডিওতে পোলিনের ডান হাত স্বাভাবিক থাকলেও বাম বাহুর থেকে বাকি অংশ নেই। তবে ভিডিওতে কোন দিন তারিখও দেওয়া নেই।

বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

গেল বছরের ৭ অক্টোবর ইসরায়েলের নোভা সংগীত উৎসব থেকে ২৩ বছর বয়সী গোল্ডবার্গ-পোলিনকে অপহরণ করেছিল হামাস। ওই দিন ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলায় ১ হাজার ২০০–এর বেশি মানুষ নিহত ও দুই শতাধিক মানুষকে জিম্মি করেছিল হামাস।

৭ অক্টোবর ধারণ করা একটি ভিডিওতে গোল্ডবার্গ-পোলিনকে হামাস দ্বারা জিম্মি হতে দেখা গিয়েছিল। ওই সময়েই পোলিনের এক হাতে গুরুতর জখম দেখা গিয়েছিল।

ওই ঘটনার প্রত্যক্ষদর্শী এক তরুণী বলেছিলেন, হামাসের হামলার সময় গোল্ডবার্গ-পোলিনের সঙ্গে তিনি একটি বাংকারে আশ্রয় নিয়েছিলেন। ওই বাংকার থেকে গ্রেনেড বাইরে ছুড়ে ফেলতে সাহায্য করেছিলেন গোল্ডবার্গ-পোলিন। একপর্যায়ে তাঁর এক হাতের কনুই থেকে নিচের অংশ উড়ে যায়।

হামাসের বুধবারের ভিডিওতে একটি চেয়ারে বসা অবস্থায় দেখা যায় গোল্ডবার্গ পোলিনকে। ভিডিওতে দেখা যায় তার চুল ছোট করে কাটা। তিনি নিজের পরিচয় এবং জন্মতারিখ ও মা–বাবার নাম বলেছেন। তিনি আরও বলেন, এখানে প্রায় ২০০ দিন ধরে আছেন।

ধারণা করা হচ্ছে ভিডিওটি গত মঙ্গলবারের আগে ধারণ করা হয়েছে। কারণ, গত মঙ্গলবার গাজায় ইসরায়েলের যুদ্ধের ২০০ তম দিন পূর্ণ হয়েছে।

ভিডিওতে পোলিনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করতে শোনা গেছে। যেমনটি এর আগে প্রকাশিত জিম্মি ইসরায়েলের নাগরিকদের ভিডিওতে দেখা গেছে।

এছাড়া নিজের পরিবারের সদস্যদের শক্তিশালী থাকার জন্য অনুরোধ করেন পোলিন। ভিডিও শেষ হয়েছে তাঁর একটি আশাবাদের মধ্য দিয়ে; তা হলো ছুটির এই সময়ে তিনি কিছুটা হলেও পরিবারকে স্বস্তি দিতে পারছেন।