দেশে দাবদাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি বাড়বে কি-না তা আগামী শনিবারের মধ্যে জানা যাবে। শিক্ষামন্ত্রী দেশে ফেরার পর মন্ত্রণালয় তাদের সিদ্ধান্ত জানাবে। তবে এ বিষয়ে পরামর্শের জন্য আবহাওয়া অধিদপ্তরে কথা বলেছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সচিবালায়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার।
দেশের বেশিরভাগ অংশজুড়েই বইছে তাপপ্রবাহ। কোথাও কোথাও তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করেছে। এ কারণে রমজান, ঈদ এবং নববর্ষের ছুটি শেষে গত রবিবার (২১ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে গরমের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২৮ এপ্রিল (রবিবার) খোলার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।
চলমান এই ছুটি আরও বাড়বে কি-না জানতে চাইলে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, আমরা আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। শিক্ষামন্ত্রী দেশের বাইরে আছেন। তিনি আসলেই আগামী শনিবারের মধ্যে আমরা সিদ্ধান্ত জানাতে পারবো।
এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর শ্রেণি কার্যক্রমের সময় এগিয়ে আনা অর্থাৎ সকালের শিফনে ক্লাস নেওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে তারা ক্লাস সংখ্যা কমানোর পরামর্শ দিয়েছে। অন্যদিকে অভিভাবকদের পক্ষ থেকে অনলাইন ক্লাসের দাবি জানানো হয়েছে।
এসব বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, অনলাইন তো আছে, সেটা আমরা পরে দেখবো। গ্রাম পর্যায়ে স্কুল আছে, তারা অনলাইনে অভ্যস্ত না। অতএব সবকিছু চিন্তা করেই আমাদের কাজ করতে হবে। আগে সামনের যেটা আছে সেটা শেষ করে নিই।