তীব্র গরমে বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষ্যে আজ বৃহস্পতিবার থেকে রাত ৮টা থেকে সকল মার্কেট ও দোকান-পাট বন্ধের নির্দেশনা দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)।
আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন ডিপিডিসির এনওসিএস অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শের আলী।
তিনি বলেন, সারা দেশে তীব্র তাপপ্রবাহ চলছে, এছাড়াও গরমের দিনে বিদ্যুৎ সংকট বেশি হয়। এই সংকটকে মোকাবিলা করতে ও লোডশিডিং কমাতে রাত ৮টার পর থেকে সকল মার্কেট ও দোকান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনা আমরা বিভিন্ন জায়গায় প্রতিদিন মাইকিংয়ের মাধ্যমে জানয়ে দিচ্ছি। যারা এ নির্দেশনা না মানবে আমরা তাদের চিঠি দিয়ে সতর্ক করব, এরপরও সতর্ক না হলে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্নও করা হতে পারে। এই নির্দেশনা বছরজুড়েই থাকবে। এছাড়া অটোরিকশা স্ট্যান্ডসহ যে যে স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে আমরা প্রতিনিয়ত অভিযানের মাধ্যমে তাদের জরিমানা করছি। সংযোগ বিচ্ছিন্ন করছি।
এদিকে বুধবার বিকেল থেকে শহরের বিভিন্নস্থানে রাত ৮টার পর মার্কেট ও দোকানপাট বন্ধ রাখতে মাইকিং করেছে ডিপিডিসি।