স্লটের লিভারপুল কোচ হওয়ার সম্ভাবনা দেখছেন ডাইক

লিভারপুলের ডাগআউটে ইয়ুর্গেন ক্লপের সম্ভাব্য উত্তরসূরি নিয়ে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। সেই আলোচনায় এবার বাড়তি মাত্রা যোগ করলেন লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক। স্বদেশি কোচ আর্না স্লটের ভালো সম্ভাবনা দেখছেন এই ডাচ ডিফেন্ডার।

ফন ডাইকের এমনটা মনে হওয়ার কারণে স্লটের ফুটবল দর্শন এবং দল পরিচালনার কৌশল। গত মৌসুমে স্লটের হাত ধরে ডাচ লিগ ও কেএনভিবি কাপ জিতেছে ফেইনুর্দ। এই মৌসুমেও ডাচ লিগে দ্বিতীয় স্থানে আছে দলটি।

ডাইক স্লটকে নিয়ে বলেন, 'অবশ্যই এখন এই প্রশ্নের (স্লট লিভারপুলের কোচ হবে কিনা) উত্তর দেওয়া আমার জন্য কঠিন। কিন্তু, আমি মনে করি, এই মুহূর্তে আর্না স্লট ভালো ডাচ কোচদের মধ্যে একজন। আমি মনে করি, যেভাবে তিনি দলকে খেলান এবং তার যে দর্শন, তাতে তিনি লিভারপুলের কোচ হতে পারেন। তার সম্পর্কে আমি যেগুলো পড়েছি এবং শুনেছি, তার ভিত্তিতেই কেবল এই মত আমার। অবশ্যই বিষয়টি চূড়ান্ত হওয়া থেকে দূরে। দেখা যাক কী হয়; পরের বছর এদিকে মনোযোগ দিব আমরা।'

ইএসপিএনকে একটি সূত্র জানিয়েছে, আর্না স্লটের বিষয়ে সমঝোতায় পৌঁছতে ফেইনুর্দের সঙ্গে আলোচনা শুরু করেছে লিভারপুল।

দল-বদল বিষয়ে বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, লিভারপুল ও ফেইনুর্দের মধ্যে কথা-বার্তা এগিয়েছে। স্লটের সঙ্গে ফেইনুর্দের চুক্তি আছে ২০২৬ এর জুন পর্যন্ত। তবে রিলিজ ক্লজ না নিয়ে অল্প পরিমাণ অর্থের বিনিময়ে স্লটকে ছেড়ে দিতে পারে ফেইনুর্দ।