নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী হলো ইন্ডিয়া গেট। ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হলো এক আইসক্রিম বিক্রেতাকে। পুলিশ বলছে, ব্যক্তিগত আক্রোশ থেকেই এই কাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত। তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে গত বুধবার সন্ধ্যায় প্রকাশ্যে এ ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মৃতের নাম প্রভাকর। তিনি উত্তরপ্রদেশের ইটাওয়ার বাসিন্দা ছিলেন।
প্রতিদিনের মতোই ইন্ডিয়া গেটের সামনে আইসক্রিম বিক্রি করছিলেন ২৫ বছর বয়সী এই যুবক। হঠাৎ এক ব্যক্তি এসে তার সঙ্গে তর্কে জড়ায়। তারপরই প্রভাকরকে এলোপাতাড়ি ছুরির কোপ মারতে শুরু করেন ওই ব্যক্তি। প্রভাকর মাটিতে লুটিয়ে পড়লে পালিয়ে যায় অভিযুক্ত। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন সেখানে উপস্থিত লোকজন।
খবর পেয়েই ঘটনাস্থলে যায় দিল্লি পুলিশ। প্রভাকরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, মৃতের শরীরের তিন-চার জায়গায় গভীর ক্ষত ছিল। কিন্তু বেশিদূর পালাতে পারেনি অভিযুক্ত। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গ্রেপ্তার করা হয় তাকে।