চাইনিজ তাইপের বিপক্ষে দুটি ম্যাচ খেলবেন সাবিনারা

নারী সাফ ফুটবলে ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। চলতি বছর ফের হবে নারী সাফের আসর। গতবার আয়োজক ছিল নেপাল, এবার বাংলাদেশ। এবার নারী সাফ শুরুর সম্ভাব্য তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে আগামী অক্টোবরে হতে পারে। ঘরের মাঠে খেলা তাই বাংলাদেশের চাওয়া শিরোপা ধরে রাখা। সাবিনারা সামনের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবেন চাইনিজ তাইপের বিপক্ষে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেন, 'আমরা সব গুলো ফিফা উইন্ডোতেই মেয়েদের জন্য ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের চেস্টা করেছি। টেষ্টা বললে ভুল হবে অনেক বেশি চেষ্টা করেছি। তবে ব্যাটে বলে মেলেনি। তবে জুন উইন্ডোতে আমরা চাইনিজ তাইপের সঙ্গে খেলবো। প্রথম ম্যাচ ৩১ মে এবং দ্বিতীয় ম্যাচ ৩ জুন। তারা অফিশিয়াল ভাবে চিঠি দিয়ে আমাদের নিশ্চিত করেছে। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ দুটি আয়োজিত হবে।'

জুনের ফিফা উইন্ডোর পর সাফের আগে জুলাইতেও জাতীয় দলের ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিরণ বলেন, 'এই ম্যাচ দুটিকে আমরা সাফের আগে প্রস্তুতি ম্যাচ হিসেবে নিচ্ছি। এছাড়া জুলাইয়ের ফিফা উইন্ডোতেও আমরা ম্যাচ খেলার চেষ্টা করবো। চাইনিজ তাইপে শক্তিশালি দল। তাদের বিপক্ষে বাংলাদেশ যখন ম্যাচগুলো খেলবে তারা তাদের সমস্যা গুলো চিহ্নিত করতে পারবে। সাফের আগে এটা অনেক বেশি কাজে দেবে বলে আমি মনে করি।'

গত বছর ডিসেম্বরে সিঙ্গাপুরকে এনে দুই ম্যাচের প্রীতি সিরিজ খেলেছিল বাংলাদেশ। দুটি ম্যাচেই র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা সিঙ্গাপুরকে হারিয়েছিল স্বাগতিকরা।

এর আগে গেল ফেব্রুয়ারিতে ফিফা উইন্ডোতে বাংলাদেশের ম্যাচ খেলানোর চেষ্টা করেছিল বাফুফে। ফিলিস্তিনকে এনে দুটি ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ। তবে সেসময় খেলতে অস্বীকৃতি জানায় ফিলিস্তিন।