ওএমএস ডিলারের কাছে লাঞ্ছিত খাদ্য পরিদর্শক

খুলনায় ওএমএস ডিলার মুন্সী আয়ুব আলীর হাতে মহানগর খাদ্য পরিদর্শক নাজমুল হাসান (তত্ত্বাবধায়ক পদে দায়িত্বরত) লাঞ্ছিত হয়েছেন এমন অভিযোগ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর বানরগাতীর ডলফিন মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর মুন্সী আয়ুব আলীর প্রতিষ্ঠান মেসার্স প্যারাডাইস অ্যান্ড কোং সিলগালা করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে মামলা কারও সিদ্ধান্ত নিয়েছে খাদ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। মুন্সী আয়ুব আলী মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ড আ'লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক তাজুল ইসলাম জানান, সাধারণ মানুষ ওএমএস আটা পাচ্ছেন না এমন অভিযোগের ভিত্তিতে খাদ্য পরিদর্শক নাজমুল হাসান দুপুরে মুন্সী আয়ুব আলীর প্রতিষ্ঠানে যান। সেখানে গিয়ে তাকে গ্রাহকদের আটা দেওয়ার অনুরোধ জানান। কিন্তু মুন্সী আয়ুব আলী আটা না দিয়ে তার ওপর ক্ষিপ্ত হয়ে বেধড়ক মারপিট করেন। এর আগেও খাদ্য পরিদর্শক শরিফুল ইসলামের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত হয়েছেন। ইতোমধ্যে তার প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। মামলা করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ব্যাপারে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, এখনও অভিযোগ পাইনি। মামলাও হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে মারপিটের ঘটনা অস্বীকার করে ডিলার মুন্সী আয়ুব আলী জানান, খাদ্য পরিদর্শক নাজমুল হাসান তার প্রতিষ্ঠানের সামনে এসে চিৎকার করছিলেন। তাকে ভালোভাবেই পাশের চেয়ারে বসতে বলা হয়েছে। এখন এ বিষয়ে খাদ্য অধিদপ্তর কোনো ব্যবস্থা নিলে তার কিছু করার নেই।