ইউএস-বাংলার এয়ারবাসের কুয়ালালামপুর যাত্রা

ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে যুক্ত হওয়া এয়ারবাস ৩৩০-৩০০ দিয়ে প্রথমবারের মতো ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার ৪২২ যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে ছেড়ে যায় বেলা ১১টা ২৫ মিনিটে। ইউএস-বাংলা এয়ারলাইনস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে ৪০৯ যাত্রী নিয়ে এয়ারবাসটি ছেড়ে আসে স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে। ইউএস-বাংলার বহরে দুটি এয়ারবাস ৩৩০-৩০০সহ ২৪টি এয়ারক্রাফট রয়েছে, যা ইউএস-বাংলা এয়ারলাইনসের এগিয়ে যাওয়ার সূচককে নির্দেশ করে।

এয়ারবাস দিয়ে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য দুবাই রুটেও ফ্লাইট পরিচালিত হবে। এখন থেকে প্রতিদিন সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকা থেকে কুয়ালালামপুর ও রাত ৯টা ৫০ মিনিটে ঢাকা থেকে দুবাই রুটে এয়ারবাস ৩৩০-৩০০ দিয়ে ফ্লাইট পরিচালিত হবে।