নাটোরের সিংড়ায় আকস্মিক অগ্নিকাণ্ডে স্বর্ণ পট্টির ১২টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে আটটি দোকান পুরোপুরি ও চারটি আংশিক পুড়ে গেছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে সিংড়া বাজারের স্বর্ণ পট্টির একটি দোকানে আগুনের সূত্রপাত হয়।
মূহুর্তের মধ্যে ১২টি দোকান পুড়ে যায়। পরে ভোর পাঁচটা পর্যন্ত নাটোর ও সিংড়ার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অর্ধকোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
সিংড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কামরুজ্জামান জানান, মুঠোফোনে আগুনের সূত্রপাতের খবর পেয়ে নাটোর ও সিংড়ার তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জুয়েলার্স সমিতি সিংড়া উপজেলা শাখার সভাপতি বিজয় কুমার দাস বলেন, আকস্মিক অগ্নিকাণ্ডে স্বর্ণ পট্টির সরকার জুয়েলার্স, লোকনাথ জুয়েলার্স, গৌরী জুয়েলার্সসহ মোট দশটি স্বর্ণের দোকান ও ইসলাম ইলেকট্রনিক্সসহ আরও দুটি দোকান পুড়ে গেছে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।