উত্তেজনা নিরসনে সভা স্থগিত করল রওশনপন্থিরা

রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আজ শনিবার সকাল ১০টায় জাতীয় পার্টি বর্ধিত সভা ডেকেছে। একইদিন একই স্থানে জাতীয় রওশনপন্থি অংশটি পরিচিতি সভা ডেকেছে। দুপক্ষই পুলিশ প্রশাসনকে কর্মসূচির বিষয়টি জানিয়েছিল। কয়েক দিন ধরে নেতাকর্মীদের মধ্যেও উত্তেজনা চলছিল। এ উত্তেজনা নিরসনে রওশনপন্থিরা সভা স্থগিত করেছে।

গতকাল শুক্রবার সভা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন জাতীয় পার্টির রওশনপন্থি অংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ। তবে তিনি তাপপ্রবাহের অজুহাত দিয়েছেন।

দুপুরে রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কাজী ফিরোজ রশীদ বলেন, এই তীব্র তাপপ্রবাহে জনগণের পাশে না দাঁড়িয়ে রাজনৈতিক সভা-সমাবেশ করা তামাশার শামিল। তাই শনিবারের পরিচিতি সভা স্থগিত করে শুক্রবার থেকে পাঁচ দিনব্যাপী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে ১০টি স্থানে জনসাধারণের মধ্যে পানি ও খাবার স্যালাইন বিতরণ করবেন তারা।

তবে জিএম কাদের অনুসারীরা জানিয়েছেন, নির্ধারিত সময়ে তাদের সভা হবে। সভা উদ্বোধন করবেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু সভায় সঞ্চালনা করবেন এবং এতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

জিএম কাদের অনুসারীদের দিকে ইঙ্গিত করে কাজী ফিরোজ রশীদ বলেন, ‘একমাত্র বন্দনা করে সংসদে ঢোকা ও নিজের কিছু আখের গোছানো ছাড়া কোনো কাজ নেই। অনেক ছোট দলের কথাও গুরুত্ব সহকারে গণমাধ্যমে ছাপানো হয়। কারণ তাদের রাজনীতি আছে। আগে জাতীয় পার্টিকে বলা হতো গৃহপালিত বিরোধী দল। আর এখন বলা হয় কৃতদাস। এ পার্টির ভবিষ্যৎ অন্ধকার।’

তিনি বলেন, ‘অর্থনীতি ও ব্যাংক খাতে বিপর্যয় নেমে এসেছে। বড় বড় ব্যাংক ছোট ছোট ব্যাংক গিলে খাচ্ছে। বড় বড় কোম্পানিতে অভ্যন্তরীণ কোন্দল লাগিয়ে তা গিলে খাওয়া হচ্ছে।