সড়ক দুর্ঘটনায় আহত ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ইসরায়েলের উগ্রপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গভির। তিনি সামান্য আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।

এই দুর্ঘটনায় আরও দু'জন আহত হয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দুর্ঘটনার ছবিতে দেখা গিয়েছে যে, ঘটনাস্থলে একটি গাড়ি উল্টে পড়ে আছে।  

এদিকে ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার তেল আবিবের কাছের রামলি শহর থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। ওই শহরে ১৯ বছরের এক তরুণীকে ছুরিকাঘাত করা হয়েছিল।

ইসরায়েলের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশের প্রধান আবি বাইতন বলেন, মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তি ওই তরুণীর ওপর হামলা করেন। পরে ওই ব্যক্তিকে একজন গুলি করে নিরস্ত্র করেন।

বেন গভির ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রীসভার একজন বিতর্কিত সদস্য। সম্প্রতি ইসরায়েলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানে সর্বাত্মক হামলা চালানোর পক্ষে অভিমত দিয়েছিলেন তিনি।

এছাড়া গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়ার পক্ষেও তিনি। সেখানে পুনরায় ইহুদি বসতি স্থাপনের পক্ষে চলা প্রচারণাকেও সমর্থন করেন বেন গভির।