প্রিমিয়ার লিগে ফিরলো হামজার লেস্টার সিটি

এক মৌসুম পর আবারও ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা প্রিমিয়ার লিগে উঠে আসতে যাচ্ছে লেস্টার সিটি। ২০১৫-১৬ মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা গত মৌসুমে টেবিলের ১৮তম অবস্থানে থেকে অবনমিত হয়ে যায় দ্বিতীয় স্তর ইএফএল চ্যাম্পিয়নশিপে। এতে ফের বড় মঞ্চে আলো ছড়ানোর সুযোগ পাবেন ক্লাবটির বাংলাদেশি বংশোদ্ভুত খেলোয়াড় হামজা চৌধুরী।

শুক্রবার রাতে কুইন্স পার্ক রেঞ্জার্সের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হারে টেবিলের দুইয়ে থাকা লিডস ইউনাইটেড। আর নিজেদের শেষ ম্যাচে লেস্টার সাউদ্যাম্পটনকে হারায় ০-৫ গোলে। লিডসের হারে ‍দুই দলের পয়েন্টের ব্যবধান দাঁড়িয়েছে ৪। এক ম্যাচ বাকি থাকা লিডসের তা টপকানো সম্ভব না।

ইএফএল চ্যাম্পিয়নশিপে ১০০ পয়েন্ট পূর্ণ করার দৌড়ে আছে লেস্টার। ৪৪ ম্যাচে তাদের পয়েন্ট ৯৪। দুইয়ে থাকা লিডসের পয়েন্ট ৪৫ ম্যাচে ৯০। আর তিনে থাকা ইপসউইচের পয়েন্ট ৪৩ ম্যাচে ৮৯। তিন ম্যাচে পয়েন্ট টেবিলে একমাত্র তাদের সামনে সুযোগ আছে পরের তিন ম্যাচে লেস্টারকে টপকে যাওয়ার। তবে এরপরও লেস্টারকে দুইয়ের নিচে নামানো সম্ভব নয়, ফলে শীর্ষ দুইয়ে থেকে লেস্টারের প্রিমিয়ার লিগে ফেরা এখন নিশ্চিত।

নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুই দল সরাসরি প্রিমিয়ার লিগ নিশ্চিত করে। আর তিন থেকে ছয়ে থাকা দলগুলোকে খেলতে হয় প্লে–অফ টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, তৃতীয় দল হিসেবে প্রিমিয়ার লিগে ফেরার সুযোগ পাবে।

এছাড়া লেস্টারের এখনো বাকি আছে আরও দুটো ম্যাচ। সেগুলো জিতে ১০০ পয়েন্ট পূর্ণ করাটাও হামজা চৌধুরীদের লক্ষ্য।