বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেছেন, আমাদের পরীক্ষা পদ্ধতি, প্রশ্নপত্র, জ্ঞানার্জন ও মূল্যায়ন নিয়ে নতুন করে ভাবতে হবে। উত্তর চাওয়া নয়, প্রশ্নবান হিসেবে গড়তে হবে শিক্ষার্থীদের।
আজ শনিবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে ওপেন স্কুলের উদ্যোগে ‘জাতীয় শিক্ষাক্রমের সঙ্গে উন্মুক্ত ও দূরশিক্ষন পদ্ধতির সামঞ্জস্য বিধান’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, জ্ঞানভিত্তিক শিক্ষাক্রমের বিকল্প নেই। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গবেষণায় জোর দিতে হবে। আমাদের দেশে চাকরি ও পড়াশোনার ধরনের মধ্যে বিস্তর ফারাক লক্ষণীয়।
ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন। রিসোর্স পার্সন হিসেবে ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য অধ্যাপক মো. মশিউজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. এম তারিক আহসান।
এতে বক্তব্য রাখেন ওপেন স্কুলের শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম, মানবিক বিষয়ক কারিকুলাম কমিটি ও সমন্বয়কারী (এসএসসি প্রোগ্রাম) এম এস মেহেরীন মুনজারীন রত্না। কর্মশালায় ছয়টি স্কুলের মোট ৩৯ জন শিক্ষক অংশগ্রহণ করেন।