দাবদাহে নয়, বাসে আগুন লাগার কারণ ভিন্ন

রাজধানীর কুর্মিটোলা এলাকায় শনিবার বিকেলে একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেসবুকে 'দাবদাহের কারণে আগুন' বলে তথ্য ছড়ায়। তবে ফায়ার সার্ভিস বলছে বাসে আগুন লাগার কারণ ভিন্ন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ঢাকা জোন-৩ এর উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল চলন্ত বাসের নিচে আসে। এ সময় মোটরসাইকেলের তেলের ট্যাংকি বিস্ফোরিত হয়ে বাসে আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা শনিবার বিকেল ৪টার দিকে যাত্রীবাহী বাসে আগুনের খবর পায়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানিয়েছে, যাত্রীবাহী বাসটি গাবতলী বাস টার্মিনালে যাচ্ছিল। আর্মি স্টেডিয়ামের কাছে আসার পর একটি মোটরসাইকেল চলন্ত বাসটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে দুই আরোহী ছিটকে রাস্তায় পড়ে যায় এবং মোটরসাইকেলটি চলন্ত বাসের নিচে চলে যায়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মোটরসাইকেলের দুই আরোহীকেও শনাক্ত করতে পারেনি সংশ্লিষ্টরা। তাদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।