আসছে ‘রুমি’র দ্বিতীয় সিজন

‘বাঘে ছুঁলে আঠারো ঘা,
পুলিশে ছুঁলে ৩৬ ঘা
আর কানা পুলিশে ছুঁলে ৭২ ঘা’

এবার ঈদে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘রুমি’র সংলাপ এটি, যা সোশ্যালে বেশ ভাইরাল হয়। দর্শকমহলে সাড়াও ফেলে এটি। তবে ছয় এপিসোডের এই প্রথম সিজনের সিরিজটি শেষ হয় একটা অপ্রত্যাশিত টুইস্ট দিয়ে। যা থেকে বুঝা যায় এর দ্বিতীয় সিজন আসার সম্ভাবনা রয়েছে।

এবার জানা গেল, সিরিজটির দ্বিতীয় সিজন আসছে। এমনটা দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন এর পরিচালক ভিকি জাহেদ। তিনি বলেন, ‘গল্পটা প্রথম সিজনে শেষ হয়নি। দর্শকদের অনেকের কাছ থেকেই পরবর্তী সিজনের জন্য মেসেজ পেয়েছি, যেটা দারুণ ভালো লাগার। এটা রিলিজের পর যাদের মন্তব্য পেয়েছি তাদের সবার একটা মেসেজ অবশ্যই ছিল যে, সিজন টু কবে আসবে! তাদের জন্য এটুক বলতে চাই, এটার সিজন টু করার পরিকল্পনা আগে থেকেই ছিল। এটা নিয়ে প্ল্যানিং চলছে, তবে এখন এই মুহূর্তে এক্সাক্টলি বলতে পারছি না যে কবে শুরু হচ্ছে। সিজন বেইজড কাজগুলো বাহিরের দেশে যেভাবে হয়, যেমন একটা সিজন যে সময়ে রিলিজ হয় তার পরের সিজনটা পরের বছর একই সময়ে আসে। হইচইয়েরও এরকমই পরিকল্পনা। গল্প বা কাস্টিং নিয়ে এখনই কিছু বলতে চাই না। তবে এটুকু বলতে পারি, গল্প যেখানে শেষ হয়েছে সেখান থেকে হতে পারে। কারণ চরিত্রগুলোর পরিণতি কি হয়েছে সেটা কেউই জানে না, এটা পরের সিজনে দেখতে পারবে। আর গল্পের ধারাবাহিকতা অনুযায়ী যাদের প্রয়োজন তারাই থাকবে।’

প্রথম সিজনের অভিজ্ঞতা এবং সাড়া প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘দর্শকদের কাছ থেকে অনেক ভালো সাড়া পেয়েছি। অনেকের কাছ থেকে ইতিবাচক মন্তব্য পেয়েছি। একটা কাজ তো সবার কাছে ভালো লাগবে না, এটা খুবই স্বাভাবিক। কিছু কাজ নিয়ে আপত্তি থাকে, ‘রুমি’র ক্ষেত্রেও সেটা হয়েছে। প্রচুর মানুষের কাছে ভালো লেগেছে আবার কিছু ভক্তদের এমন মেসেজও পেয়েছি যাদের এটা ভালো লাগেনি। তবে সবার এই বিষয়টা মাথায় রাখতে হবে যে, গল্পটা এখানেই শেষ হয়নি।

আর অভিজ্ঞতা যদি বলি, এই প্রজেক্টটা আমার কাছে একটু স্পেশাল ছিল। এক চঞ্চল ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ, এমনকি হইচইয়ের সঙ্গেও। ছোটবেলায় উনার কাজ দেখেছি। যখন কলেজে পড়ি তখন উনার ‘মনপুরা’ সিনেমা আমি হলে যেয়ে দেখেছি। খুবই ভালো লেগেছিল এরপর থেকেই ইচ্ছে ছিল উনার সঙ্গে কাজ করার। এবার সেই ইচ্ছেটা পূরণ হলো। উনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। উনি খুবই চমৎকার একজন শিল্পী, যার কাছ থেকে অনেক কিছু শেখা যায় এমনকি আমি শিখেছিও। উনি আপাদমস্তক একজন টিমম্যান এবং ডিরেক্টরস আর্টিস্ট। উনার মাথায় সবসময় এটাই থাকে যে, কীভাবে প্রজেক্টটা বেটার করা যায়। উনি পরিচালকের ভিশনটাকে পর্দায় ফুটিয়ে তুলতে দারুণভাবে সহযোগিতা করেন। ‘রুমি’র পুরো জার্নিটাই আমরা দুজন বেশ উপভোগ করেছি। এক কথায় বলতে গেলে ‘রুমি’ ইজ অ্যান আনফরগেটেবল এক্সপেরিয়েন্স ফর মি। আর হইচইয়ের কথা যদি বলি, তারা একজন নির্মাতাকে বেশ কমফোর্ট দেয় তার কাজটা ঠিকভাবে সম্পন্ন করার জন্য। আমি আমার জায়গায় সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এবং রিলিজের পর দর্শকের সাড়ায় তারা বেশ হ্যাপি।’

সিরিজটিতে চঞ্চল চৌধুরী ছাড়া আর অভিনয় করেছেন আব্দুন নূর সজল, রীকিতা নন্দিনি শিমু, দীপা খন্দকার শিমু প্রমুখ।