পটিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু 

চট্টগ্রামের পটিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে রাজু হোসেন রাসেল (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে পৌরসদরের সুচক্রদন্ডী পল্লী মঙ্গল মন্দিরের পাশের বিলে এই ঘটনা ঘটে। নিহত রাজু পটিয়া পৌরসদরের ২ নং ওয়ার্ড সুচক্রদন্ডী গ্রামের মৃত জাফর আহমদের ছেলে।

নিহতের বোন আজমা আক্তার লিজা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাং লিডার জুয়েল চৌধুরী প্রকাশ জুলু, সাকিব, আরমানসহ আরও কয়েকজন আমার ভাইকে হত্যা করেছে। এ হত্যার বিচার চাই আমি। 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, হত্যাকারী জুয়েল চৌধুরী জুলুর বিরুদ্ধে এলাকায় চুরি ,ডাকাতি, ছিনতাই ও মাদকের একাধিক মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, কিশোর গ্যাং লিডার কুখ্যাত সন্ত্রাসী জুয়েল চৌধুরী জুলু ও সঙ্গীদের দাপটে এলাকার লোকজন সারাক্ষণ তটস্থ থাকেন। এলাকায় বাড়িঘরে চুরি, ছিনতাই ও চাঁদাবাজি ও মারামারির কারণে তাদের বিরুদ্ধে মানুষ মুখ খুলতেও ভয় পায়। 

স্থানীয় কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক সেন বলেন, এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাতের বিষয়ে আমি স্থানীয় প্রশাসনকে একাধিকবার ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছি ।

এ বিষয়ে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, এ ঘটনায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সব আলামত সংগ্রহ করেছি। যারা এ ঘটনায় জড়িত প্রত্যেককে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।