কোটি টাকার মাদক ক্রিস্টাল মেথসহ (আইস) সংগীতশিল্পী এনামুল কবির রেবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তিনি ‘উচ্চারণ’ ব্যান্ডের একজন সংগীতশিল্পী। গত শুক্রবার রাতে রাজধানীর রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ডিএমপির খিলগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, রেবেল মূলত মাদক ব্যবসায়ী মো. লিটন ওরফে লিটু ওরফে ভাইজানের হয়ে কাজ করেন। রেবেল ওই মাদক ব্যবসায়ীর ঠিকানা দিলে পরে বাড্ডা এলাকায় মো. লিটনের বাসায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন আলামত জব্দ করা হয়। তবে লিটু ও তার সহযোগী অমিত পলাতক রয়েছেন। তাদের কাছ থেকে ১ কেজি পরিমাণ আইস উদ্ধার করা হয়েছে। বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
এডিসি রাশেদুল আরও বলেন, পাঁচ বছরের বেশি সময় ধরে লিটুর মাদক কারবারে সহায়তা করে আসছেন রেবেল।