১০ কোটি টাকার গরমিল

অগ্রণী ব্যাংকের সেই ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

পাবনার সাঁথিয়া উপজেলার অগ্রণী ব্যাংকের কাশিনাথপুর শাখায় ১০ কোটি ১৩ লাখ টাকার গরমিলের ঘটনায় অভিযুক্ত শাখা ব্যবস্থাপকসহ ৩ ব্যাংক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংকের রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক (জিএম) মো. আফজাল হোসাইন গতকাল শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।  গত শুক্রবার দুপুর ২টার দিকে ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ আটক তিন কর্মকর্তাকে আদালতের মাধ্যমে সাঁথিয়া থানা-পুলিশ জেলহাজতে পাঠিয়েছে। গতকাল অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের একটি তদন্ত দল ব্যাংকের শাখায় গিয়ে দিনব্যাপী তদন্ত ও নিরীক্ষা (অডিট) চালায়।

তদন্ত দলের সঙ্গে থাকা ব্যাংকের রাজশাহী সার্কেলের জিএম মো. আফজাল হোসাইন জানান, গত বৃহস্পতিবারের অডিট দলে তিনি ছিলেন। অভিযুক্ত তিন কর্মকর্তাকে হিসাব মিলিয়ে দেওয়ার জন্য সারা দিন সময় দেওয়া হয়েছিল। কিন্তু তারা গভীর রাত পর্যন্ত হিসাব মেলাতে পারেননি। ফলে নিরুপায় হয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারে পাঠানো শাখা ব্যবস্থাপক (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) হারুন বিন সালাম, ক্যাশ কর্মকর্তা সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার মো. আবু জাফরকে ইতিমধ্যেই সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে ২ ব্যাংক কর্মকর্তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। দুদক এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেবে। দুই কার্যদিবসের এ-সংক্রান্ত নথি দুদকে পাঠানো হবে।