চট্টগ্রামে নগরের বহদ্দারহাট এলাকার একটি কাঠের কারখানা থেকে অবৈধভাবে মজুদ করা ৬০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জব্দ চিনি মেঘনা গ্রুপের ফ্রেশ ব্র্যান্ডের লোগো লাগানো বস্তায় মজুদ করা হয়। এ ব্যাপারে কারখানা মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দিয়েছে আদালত।
অবৈধ চিনি জব্দের পাশাপাশি গুদাম মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী এ অভিযান চালান।
তিনি দেশ রূপান্তরকে জানান, ৩০ টন ভারতীয় চিনি ফ্রেশ কোম্পানির নামে প্যাকেট করে এখানে মজুদ করা হয়। যা কয়েক দিনের মধ্যে বাজারে ছাড়া হতো। তবে গুদাম মালিক আব্দুর রব্বানীর দাবি, কাঠ ব্যবসায়ী সমিতি সাবেক নেতা জাহিদ বিন জয়নাল গুদামটি ভাড়া নেন। তিনি গত বৃহস্পতিবার এসব চিনি মজুদ করেন। তবে চিনিগুলো কোথা থেকে কীভাবে এসেছে তার কোনো কাগজপত্র দেখাতে পারেননি গুদাম মালিক।