রাজধানীর যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকায় ইকবাল হোসেন (৩৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহতের অভিযোগ, তার কাছ থেকে পাঁচ ভরি স্বর্ণ, দুই লাখ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আহত ইকবাল জানান, তার বাসা যাত্রাবাড়ীর মৃধাবাড়ি প্রতিবাদী ক্লাব সংলগ্ন এলাকায়। রাজারবাগ এলাকায় সামির গোল্ড হাউজ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে তার। গতকাল সকালে মোটরসাইকেলে দোকানে যাওয়ার পথে যাত্রাবাড়ীর মাতুয়াইল মৃধাবাড়ির মোল্লা ব্রিজ এলাকায় স্থানীয় ছিনতাইকারী ইউসুফ, মুলহাজ, পাভেলসহ ১০ থেকে ১৫ জন তার গতিরোধ করে। তার কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যাগ দিতে না চাইলে রড দিয়ে দুই পায়ে আঘাত করে। এতে তিনি রাস্তায় পড়ে গেলে তার সঙ্গে থাকা টাকা ও স্বর্ণালংকারের ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, যাত্রাবাড়ী এলাকা থেকে আহত এক ব্যবসায়ীকে ঢাকা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার দুই পায়ে আঘাত রয়েছে।