বার্সেলোনায় হারের প্রতিশোধ মাদ্রিদে নিলেন নাদাল

গেল ১৭ এপ্রিল বার্সেলোনা ওপেনে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরের কাছে হেরে রাফায়েল নাদালকে বিদায় নিতে হয়েছিল। মাদ্রিদ ওপেনে এসে সেই হারের প্রতিশোধ নিয়েছেন ৩৭ বছর বয়সী নাদাল।

শনিবার স্পেনের নাদাল ৭-৬ (৮/৬), ৬-৩ গেমে জিতে তৃতীয় রাউন্ডে উঠেছেন। পাঁচবারের চ্যাম্পিয়ন নাদাল মাদ্রিদ ওপেনে খেলছেন শেষবারের মতো। এই মৌসুকে তার ক্যারিয়ারের শেষ হিসেবেও ভাবা হচ্ছে। পরের রাউন্ডে নাদালের প্রতিপক্ষ আর্জেন্টিনার পেদ্রো কাচিন।

বার্সেলোনাতে হারের প্রতিশোধ মাদ্রিদে নিতে পেরে উল্লসিত নাদাল বলেন, ‘অ্যালেক্স ডি মিনাউরের বিপক্ষে লড়াই করতে পেরে আমি ভীষণ আনন্দিত। টেনিস নয় বড় ইস্যু হলো শারীরিক অবস্থা। যদি টেনিসটা খেলতে পারি তাহলে দেখবো কতদূর যেতে পারি।’

মে মাসে শুরু হবে ফ্রেঞ্চ ওপেন। ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন নাদাল। ১৪ বার জিতেছেন ফ্রেঞ্চ ওপেন।

নাদাল-মিনাউর ম্যাচের গ্যালারীতে ছিল তারার মেলা। স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান, রিয়ালে খেলা ভিনিসিউস জুনিয়র ছাড়াও আরও অনেক মডেল, অভিনেতারা গ্যালারীতে উপস্থিত ছিলেন।