রাজশাহী

এপ্রিলে পদ্মায় ডুবে ১২ শিশুর মৃত্যু, এখনও নিখোঁজ এক

আজ রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও এক শিশু। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা সন্ধান চালাচ্ছেন।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পৌরসভার রেলবাজার খেয়াঘাট এলাকায় দুই শিশু ডুবে যাওয়ার ঘটনা ঘটে।

বেলা ৩টার দিকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তার নাম উসমান আলী (১৩)। সে উপজেলার মহিশালবাড়ি সাগরপাড়া গ্রামের ওমর আলীর ছেলে। অন্যদিকে নিখোঁজ শিশুর নাম সুলতান মুহাম্মদ সাইফ (১৫)। সে একই গ্রামের প্রবাসী নাসির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে আল-ইসলাহ ইসলামী একাডেমীর পাঁচ শিক্ষার্থী উপজেলার পদ্মা নদীর ওই খেয়াঘাটে গোসল করতে নামে। এ সময় দুজন ডুবে যায়।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, গোসল করেতে নেমে ওই দুই শিশু নিখোঁজ হয়েছিল। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের ডুবুরি ইউনিটের লিডার আবদুর রাজ্জাক জানান, নিখোঁজ শিশুকে খুঁজে পেতে উদ্ধার অভিযান চলছে।

চলতি এপ্রিল মাসেই রাজশাহীতে পানিতে ডুবে শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছে। সবশেষ শনিবার (২৭ এপ্রিল) রাজশাহীর মোহনপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়।