মাগুরা জেলার বিভিন্ন মাঠে ধান কাটা শুরু হলেও কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। সম্প্রতি তীব্র তাপপ্রবাহ ও খরার কারণে কৃষকের ধান চিটায় পরিণত হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকরা। ধান পাকার আগ মুহূর্তে বৈরী আবহাওয়ার কারণে সদরের মির্জাপুর, নড়িহাটি, মঘি, আঠারোখাদাসহ বিভিন্ন গ্রামের অধিকাংশ জমির ধান চিটায় রূপ নেয়ায় কৃষকরা শঙ্কিত হয়ে পড়েছেন।
সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের মির্জাপুর বড়কুড় গ্রামের কৃষক ওলিয়ার বিশ্বাস বলেন, আমি এবার ১ বিঘা জমিতে বাউধানের চাষ করেছি। এবার প্রথম দিকে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের চারা রোপণের পর পরই জমিতে নিয়মিত পরিচর্যা বাড়িয়ে দিই। চারাগাছ বড় হলে আগাছা পরিস্কারের পাশাপশি নিয়মিত সার ও ওষুধ ব্যবহার করি। ধান পরিপক্ক হলে জমিতে যত্ন আরো বাড়ায়। ধান হলদে ভাব আসা শুরু হলে তীব্র খরা, গরমের কারণে জমির ধান ধীরে ধীরে চিটা হতে শুরু করে। ধান রক্ষায় জমিতে নানা ধরণের পদক্ষেপ নিয়েও কোনো কাজ হয়নি। যেখানে ১ বিঘা জমিতে ৩০-৩৫ মণ ধান পাওয়ার কথা সেখানে ধানে চিটা হয়ে যাওয়ায় পাওয়া যাচ্ছে অর্ধেকের কম ধান। সারা বছর এসব জমির ধান দিয়ে আমার সংসার চলে। এ বছর চাল কিনে খেতে হবে।
নড়িহাটি গ্রামের কৃষক ইকবাল হোসেন বলেন, এবার তীব্র গরমের কারণে আমার ১০ কাটার জমির ধানে চিটা লেগেছে। এখন ধান কাটার শ্রমিক সংকট। গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় মাঠে আমরা শ্রমিক পাচ্ছি না। একে তো গরমের কারণে ধানে চিটা আবার শ্রমিক সংকটের কারণে আমরা খুবই চিন্তিত।
মঘি গ্রামে কৃষক শফিকুল বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকার কারণে ধান ভালো হয়েছে। তবে ধান কাটার এ মৌসুমের শেষের দিকে গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় আমাদের মাঠের অনেক কৃষকের ধানে চিটা লেগেছে। আমার এবার ৫ বিঘা জমিতে ধান চাষ করেছি। যেখানে বিঘা প্রতি ৩০-৩৫ মণ ধান পাওয়ার কথা কিন্তু এবার গরমের কারণে ধানের ক্ষতি হওয়াতে বিঘাপ্রতি পাচ্ছি ১০-১৫ মণ। আবার গরমের কারণে ধান কাটার শ্রমিক সংকট চলছে। সব মিলিয়ে নানা সংকটে দিন যাচ্ছে আমাদের।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন কবির জানান, এবার তীব্র গরমের কারণে সদর উপজলার অনেক মাঠে কৃষকের ধান চিটা হয়ে ক্ষতি হয়েছে। যেসব এলাকার কৃষকের ধানে চিটা লেগেছে তাদের আমরা পরামর্শ দিচ্ছি। কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে ধানের উৎপাদনের মাত্রা বাড়াতে ও কৃষির মান বাড়াতে মাঠকর্মীরা কাজ করছেন। কৃষি বিভাগ যে কোন আবহাওয়া ও পরিবেশে কৃষকের পাশে থাকবে।