গরু-ছাগলে স্বয়ংসম্পূর্ণ দেশ 

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দেশে গবাদিপশুর কোনো ঘাটতি পড়বে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। চাহিদার তুলনায় গবাদিপশুর যোগান বেশি আছে বিধায় কুরবানি উপলক্ষ্যে পশু আমদানির কোনো পরিকল্পনা নেই বলেও তিনি জানান।  

রবিবার (২৮ এপ্রিল) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।

অত্যন্ত আনন্দের সাথে কুরবানির ইদ পালনের আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, গত বছর কুরবানির পশুর সংখ্যা ছিল ১ কোটি ২৫ লাখ। এর মধ্যে ২২ লাখ অবিক্রিত ছিল। 

এ বছর আমাদের কুরবানির জন্য ১ কোটি ৩০ লাখ পশু রেডি থাকবে বলে জানান মন্ত্রী। বিধায় কুরবানিতে পশুর সংকট থাকার কোনো সুযোগ নেই। কুরবানি উপলক্ষ্যে আমাদের সকল ধরণের প্রস্তুতি আছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীও সতর্ক আছেন বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, দেশে কুরবানির পশু প্রয়োজনের তুলনায় বেশি থাকায় গবাদি পশু আমদানির কোনো কারণ নেই। দেশে যে পরিমাণ পশু খামারিরা উৎপাদন করেন, মন্ত্রণালয়ের উদ্যোগে যে পরিমাণ পশু উৎপাদিত হয় তাতে আমাদের গবাদি পশুর কোনো অপ্রতুলতা নেই বলে তিনি মন্তব্য করেন। তিনি কুরবানি উপলক্ষ্যে কেউ যেন বাজার অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।