ঢাবির পাঠ্যসূচিতে ‘কাজলরেখা’

৪০০ বছর আগের গল্প মৈমনসিংহ গীতিকার ‘কাজলরেখা’ নিয়ে সিনেমা নির্মাণ করেছেন গিয়াস উদ্দিন সেলিম, যেটি এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দীর্ঘ ১২ বছর গবেষণা করে এটি নিয়ে সিনেমা নির্মাণের উদ্যোগ নেন নির্মাতা। তার মতে, দর্শক উপভোগ করছেন সিনেমাটি। এটাই তার বড় প্রাপ্তি। তবে এরই মধ্যে সিনেমাটি নিয়ে এলো এক সুখবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে মাস্টার্সের কোর্স হিসেবে ‘কাজলরেখা’ সিনেমাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন থেকে কোর্স হিসেবে পড়ানো হবে এই সিনেমা। মাস্টার্স কার্যক্রমের নতুন সিলেবাসের পাঠ্যসূচিতে সংযুক্ত করা হয়েছে এটি। এ বিষয়ে সিনেমার পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘কাজলরেখা মুক্তির পর থেকেই ইতিহাস বিভাগ থেকে যোগাযোগ করা হয়েছে। তারা সবাই মিলে গতকাল সিনেমাটি দেখেন। তারপরই এমন সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে সিলেবাসে যুক্ত হওয়ার নোটিসও দিয়েছে।’ বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই নির্মাতা। বলেন, ‘আমি খুবই গর্বিত। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ একটি ঐতিহ্যবাহী বিভাগ। এই বিভাগে কাজলরেখা অন্তর্ভুক্ত হওয়া মানে আমার জন্য গর্বের ও আনন্দের।’