ঝড়ে লাউয়াছড়ায় রেললাইনে গাছ ২ ঘণ্টা ট্রেন বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে কালবৈশাখীতে রেললাইনে গাছ পড়ে সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল ২ ঘণ্টা বন্ধ ছিল। গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টার পর থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর রেলকর্মী ও বন বিভাগের লোকজন রেললাইন থেকে গাছ সরালে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ফের এ পথে ট্রেন চলাচল শুরু হয়। ভানুগাছ রেলস্টেশনের মাস্টার কবির আহমেদ দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।

বন বিভাগ ও ভানুগাছ রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে হঠাৎ করেই কালবৈশাখী আঘাত হানে মৌলভীবাজার জেলা জুড়ে। ঝড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথের একাধিক স্থানে গাছ ভেঙে পড়ে। এতে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ও ভানুগাছ স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। ট্রেন আটকা পড়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

ভানুগাছ রেলস্টেশনের মাস্টার কবির আহমেদ বলেন, ‘ঝড়ে লাউয়াছড়ার ভেতরে রেললাইনের ওপর বড় ও মাঝারি আকারের কয়েকটি গাছ ভেঙে পড়ায় সিলেটের সঙ্গে বিকেল সাড়ে ৫টা থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। গাছ অপসারণ করার পর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’