‘হিট স্ট্রোকে’ নারী প্রার্থীর মৃত্যু নির্বাচন স্থগিত

‘হিট স্ট্রোকে’ নারী ভাইস চেয়ারম্যান পদের এক প্রার্থীর মৃত্যু হওয়ায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। গতকাল রবিবার কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গোপালপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আখতার মুক্তা এবারও নির্বাচনে প্রার্থী হন। ময়মনসিংহে আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়ে গত শুক্রবার তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

মুক্তার স্বামী আরিফ হাসান বলেন, তীব্র তাপপ্রবাহের কারণে মরিয়ম হিট স্ট্রোকে মারা গেছেন।

নির্বাচন স্থগিতের ওই চিঠিতে বলা হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে ৮ মে গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ করার কথা ছিল। এর মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় সব পদের নির্বাচন স্থগিত করে পুনঃতফসিল ঘোষণার মাধ্যমে চতুর্থ ধাপে ৫ জুন ভোটগ্রহণ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

ব্যালটে অটোরিকশার বদলে রিকশা প্রতীক, ভোট স্থগিত : ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের এক প্রার্থীর ব্যালট পেপারে প্রতীক মুদ্রণে ভুল হওয়ায় ওই পদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। গতকাল বেলা আড়াইটার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে শুধু চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করা হয়। 
চেয়ারম্যান পদে প্রার্থী ইউসুফ আহম্মেদের বরাদ্দ পাওয়া প্রতীক অটোরিকশা। কিন্তু ব্যালট পেপারে মুদ্রিত হয়েছে রিকশা। এ নিয়ে ওই প্রার্থী দুপুর দেড়টার দিকে ভোট চলাকালে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেন।