ডিএমপির সাবেক পুলিশ কমিশনার মো: আসাদুজ্জামান মিয়া বলেছেন, গত বছরের ২৮ অক্টোবর ডিএমপির সদস্যরা যে ধৈর্য ও পেশাদারিত্ব দেখিয়েছে তা অনন্য নজির হয়ে থাকবে। বড় ধরনের বিপদ থেকে সেদিন আপনারা জাতিকে রক্ষা করেছিলেন। সেদিন যদি ডিএমপি সফল না হতো তাহলে গণতন্ত্র বিপন্ন হতো ও দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হতো। সেদিন আপনাদের একজন সহকর্মী দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন।
গতকাল রোববার সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এর সভাপতিত্বে মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান মিয়াকে ডিএমপির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় একটি ইউনিট। শুধু আকারেই নয় কর্মদক্ষতায়ও ডিএমপি বেস্ট। আমি তুমি সে মিলেই হচ্ছে আমরা, আর এই আমরাই টিম ডিএমপির মূল চেতনা। এই চেতনাকে আমরা ধারণ, লালন ও পালন করার চেষ্টা করেছি। এবং ফলাফলও আমরা পেয়েছি।
তিনি আরও বলেন, লাগাতার হরতালের মধ্যে ২০১৫ সালে কঠিন অবস্থায় আমি ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করি। কনস্টেবল থেকে কমিশনার পর্যন্ত আমরা একসাথে কাজ করেছি। টিম ডিএমপির স্লোগান নিয়ে কাজ করেছি। এক পর্যায়ে হরতাল-অবরোধ মোকাবেলায় শান্তিপূর্ণ নাগরিকগণও পুলিশের সাথে শামিল হয়েছে যা টিম ডিএমপির একটি বড় সাফল্য ছিলো।
তিনি বলেন, হলি আর্টিজানে সন্ত্রাসী হামলাসহ পরবর্তী সকল সন্ত্রাসী কার্যক্রম ডিএমপির সিটিটিসি-সহ অন্যান্য ইউনিটগুলো মোকাবেলা করেছে। একটি রাজনৈতিক অপশক্তি দেশকে অশান্ত করার ও চলমান উন্নয়নকে ব্যাহত করার জন্য চাকরির কোটা বিরোধী আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনের নামে নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি করার চেষ্টা করেছিল। আমরা সেটা কঠোর হস্তে মোকাবেলা করেছি। ডিএমপির সদস্যরা পেশাদারিত্বের সাথে ঠান্ডা মাথায় প্রতিটি অপচেষ্টাকে নসাৎ করেছিল। সেই কৃতিত্ব কমিশনারের ছিল না, সেই কৃতিত্ব ছিল ডিএমপির প্রত্যেক সদস্যের।
সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত); অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদসহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।