লে হাভ্রের সঙ্গে ড্র করায় লিগ শিরোপা প্রায় নিশ্চিত করেও সেদিন হিসেবের কারণে উৎসব করতে পারেনি পিএসজি। তবে রবিবার অলিম্পিক লিওঁর মাঠে মোনাকোর ৩-২ গোলের হারে আর কোন হিসেব বাকি রইলো না। পিএসজি নিশ্চিত করেছে লিগ শিরোপা।
মোনাকোর হারে তিন রাউন্ড বাকি থাকতেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে গেল পিএসজির। লিগে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন পিএসজি। লিগে মোট ১২টি শিরোপা জিতল পিএসজি।
পিএসজি ফরাসি কাপ ফাইনাল উঠেছে, তারা আছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও। পিএসজির সামনে ট্রেবল জয়ের সুযোগ। আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে পিএসজি। এনরিকে বলেন, 'আমরা চ্যাম্পিয়নস লিগ নিয়ে ভাবছি। এই ভাবনা আমাদেরকে আরও অনুপ্রণিত করে। (চ্যাম্পিয়নস লিগ) শিরোপা এখনও দূরে আছে তবে আমরা মৌসুমের শেষ পর্যন্ত মনোযোগী থাকতে চাই।'
গত ডিসেম্বরে প্রথম লেগে লিওঁর কাছে ১-০ গোলে হেরেছিল মোনাকো। রবিবার উইসাম বেন ইয়েদেরের গোলে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় মোনাকো। ২২তম মিনিটে ফ্রান্সের ফরোয়ার্ড লাকাজেত সমতা আনেন।
চার মিনিট পর এগিয়েও যায় লিওঁ, তাদের দ্বিতীয় গোলটি করেন আলজেরিয়ার ফরোয়ার্ড সাইদ বেনরাহমা। ৬০ মিনিটে ফরাসি স্ট্রাইকার বেন ইয়েদেরের দ্বিতীয় গোলে ঘুরে দাঁড়ায় মোনাকো। আর ৮৪ মিনিটে বেলজিয়ান ফরোয়ার্ড ফোফানা গোল করলে সেই লিড ধরে রেখে জয়ের আনন্দে মাঠ ছাড়ে লিওঁ।
৩১ রাউন্ড শেষে ২০ জয় ও ১০ ড্রয়ে পিএসজির পয়েন্ট ৭০। ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে মোনাকো। বাকি থাকা তিন ম্যাচ থেকে সর্বোচ্চ ৯ পয়েন্ট অর্জন করতে পারবে মোনাকো। ৪৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে লিওঁ।