আইপিএলে রান বন্যার দায় স্পিনারদের দিলেন মুরালিধরন

আইপিএলের এবারের আসরে হচ্ছে রান বন্যা। ২৫০ রানের বেশি দলীয় স্কোর এখন পর্যন্ত হয়েছে ৯ বার। পাওয়ার প্লেতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড, টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়সহ আরও রেকর্ড হয়েছে। বোঝাই যাচ্ছে এবার অসহায় অবস্থা বোলারদের।

এমন রান বন্যার জন্য স্পিনারদেরই দুষলেন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। লঙ্কান এই স্পিনারের বোলিংয়ে নাস্তানাবুদ হয়েছেন বহু ব্যাটসম্যান। টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি।

এবার মুরালিধরন যুক্ত আছেন সান রাইজার্স হায়দরাবাদে। দলটির কোচ তিনি। মুরালির দলের ব্যাটসম্যানরা বোলারদের নাভিশ্বাস তুলেছে।

মুরালিধরন বলেন, ‘ভারতে এ মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেশির ভাগ স্পিনারই বল ঘোরানোর চেষ্টা করছে না। আমার কাছে বল ঘোরানোটাই প্রধান মাপকাঠি। কিছুটা জোরে বল করছে, কিন্তু ঘোরাচ্ছে না। বল সুইং করাতে দেখা যাচ্ছে না।’

ব্যাটসম্যানরা অনুশীলনে সোজা বল খেলে অভ্যস্ত। তাই বল না ঘোরালে তাদের মাথায় হিট করার চিন্তাটাই থাকবে বলেন মনে করেন মুরালিধরন। ‘আপনি যদি অনুশীলন দেখে থাকেন, তাহলে বুঝবেন ব্যাটসম্যানরা সব থ্রো ডাউন বলে হিটিংয়ের অনুশীলন করে। তাই ম্যাচেও যখন সোজা বল আসে, পেশিশক্তি ব্যবহারের চিন্তা আসে। কারণ, এর সঙ্গে ওরা (অনুশীলনেই) অভ্যস্ত হয়ে পড়েছে। ওরা প্রতিদিন ১০০টির বেশি বলে পাওয়ার হিটিংয়ের অনুশীলন করে।'

মুরালির মতে স্পিনাররা বল ঘোরালে ব্যাটসম্যানরা ভেবে চিন্তে খেলবে। ‘কিন্তু স্পিনাররা যদি বল ঘোরাত বা সুইং করতে পারত, তাহলে ব্যাটসম্যানদের মাথায় সেটি থাকতো। স্পিনারদের বল ঘোরানো শিখতে হবে। তাহলে আরও ভালো করার সুযোগ থাকবে।’