মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চালক-হেলপারের

মাদারীপুরে আঞ্চলিক সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে থ্রি হুইলারের চালক এনামুল হোসেন (২৩) ও হেলপার আরিফ শিকদার (১৭) নামে  দুইজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে পুরান কাজীরটেক ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত এনামুল নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়ার সরাফাত আলী মীরের ছেলে এবং আরিফ মাদারীপুর সদরের মধ্যচক গ্রামের আনোয়ার শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুরে সদর উপজেলা খোয়াজপুরে পুরান কাজিরটেক ফেরিঘাটের আগে থ্রি হুইলার দিয়ে বালু উত্তোলন করতে যাচ্ছিলেন এনামুল। এ সময় গাড়িটি উল্টে গিয়ে থ্রি হুইলারের নিচে চালক ও হেলপার চাপা পড়েন। স্থানীয়রা 
উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এনামুলকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরিফও। মরদেহ দুটি মাদারীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত এনামুলে মামা ফারুক জানান, গাড়ী নিয়ে বাড়ী থেকে বের হয়ে কিছু দূর গিয়ে গাড়ী ঘোরানোর সময় উল্টে যায়। এ সময় এনামুল ও হেলপার আরিফ গাড়ির নিচে চাপা পড়লে আমরা হাসপাতালে নিয়ে আসি। 

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘থ্রি হুইলার উল্টে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’