চলতি আইপিএলে এখন পর্যন্ত ১০ ইনিংসে ৫০০ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি। তবু কোহলি সমালোচনা শিকার হচ্ছেন মন্থর স্ট্রাইক রেটের কারণে। গতকাল গুজরাটের বিপক্ষে কোহলি খেলেছেন ৪৪ বলে অপরাজিত ৭০ রানের ইনিংস। বেঙ্গালুরুকে ম্যাচ জিতিয়ে সমালোচকদের জবাব দিলেন কোহলি।
বেঙ্গালুরু-গুজরাট ম্যাচের পর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্নের উত্তরে কোহলি বলেন, 'আমার বিশ্বাস সকলেই আমার স্ট্রাইক রেট নিয়ে কথা বলছে না। আমি স্পিন খেলতে পারি কিনা সেই নিয়ে তারাই আলোচনা করছে যারা এসব নিয়ে কথা বলতে ভালোবাসে। আমার কাছে দলকে জেতানোই মূল বিষয়। গত ১৫ বছর ধরে সেটাই করে আসছি। জানি না যারা একটা জায়গায় বসে এই কথাগুলো বলছেন তারা ওই পরিস্থিতিতে পড়েছেন কিনা।'
চলতি আইপিএলে বিরাটের স্ট্রাইক রেট নিয়ে সমালোচক কম নয়। সুনীল গাভাস্কার থেকে শুরু করে ধারাভাষ্যকারদের অনেকে সমালোচনা করেছেন।
কোহলি আরও বলেন, 'দলের জন্য পারফর্ম করাই আমার কাজ। লোক তো বসে বসে খেলা নিয়ে নিজেদের ধারণা বলতেই পারে। কিন্তু যারা প্রতিদিন খেলে যায়, তারা জানে ঠিক কী করছে এবং কেন করছে। দুটো মোটেই এক বিষয় নয়।'
বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে একটা সময় বেশ তিক্ততা ছিল। তবে এবারের আইপিএলে দেখা গেছে ভিন্ন চিত্র, কলকাতা-বেঙ্গালুরু ম্যাচে মাঠে দুজন একসঙ্গে ছবিও তুলেছেন।
স্ট্রাইক রেট বিষয়ে কোহলির পাশে আছেন গম্ভীর। 'ক্রিকেটারের নিজস্ব পদ্ধতি থাকে। যেটা বিরাট পারবে, সেটা ম্যাক্সওয়েল পারবে না। দলে সব ধরনের ক্রিকেটার থাকা প্রয়োজন। নাহলে ৩০০ হতে পারে, আবার ৩০ রানেও অলআউট হয়ে যেতে পারেন। স্ট্রাইক রেট নির্ভর করে পিচ, ম্যাচের অবস্থার উপরে। যখন দল জেতে, তখন ১০০ স্ট্রাইক রেটও ভালো মনে হয়। আর দল হারলে ১৮০ স্ট্রাইক রেট নিয়েও সমালোচনা হয়।'