গাজায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৩৪, মৃত বেড়ে ৩৪৪৮৮

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সময়ে আহত হয়েছে আরও ৫৮ জন। সোমবার (২৮ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, গত ৭ অক্টোবর থেকে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে অন্তত ৩৪ হাজার ৪৮৮ জনে পৌঁছেছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। পাশাপাশি একই সময়ে আহত হয়েছে ৭৭ হাজার ৬৪৩ জন।

গাজায় আন্তর্জাতিক আদালতের অন্তর্বর্তীকালীন রায় উপেক্ষা করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলার ফলে উপত্যকার অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠী হামাস দক্ষিণ ইসরায়েলে আন্তঃসীমান্ত হামলা চালায়। তেল আবিবের হিসাবে, সেই হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত হয়। হামাসের হাতে জিম্মি হয় অনেকে। এরপর থেকেই গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

জাতিসংঘের মতে, গাজায় ইসরায়েলি হামলার কারণে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকট হচ্ছে। ইতিমধ্যে ভূখণ্ডের ৮৫ শতাংশ বাসিন্দা অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয়েছে। ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে ৬০ শতাংশ অবকাঠামো।