চামেলীর সঙ্গে অডিও ভাইরাল

মহানগর দক্ষিণ আ. লীগের দপ্তর সম্পাদক রিয়াজকে শোকজ

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজকে সংগঠনের পক্ষ থেকে শোকজ করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করায় রিয়াজকে এ শোকজ করা হয়েছে। 

আজ সোমবার ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বাক্ষরে এ কারণ দর্শানো নোটিশ রিয়াজ উদ্দিন রিয়াজকে পাঠানো হয়। 

শোকজে বলা হয়, সাম্প্রতিককালে আপনার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার ও সমালোচনার জন্ম দিয়েছে যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এটি সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এর দায়ভার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ কোনোভাবেই বহন করবে না। 

এমতাবস্থায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনার (রিয়াজ) বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (৯) ধারা মোতাবেক উপযুক্ত ও যথার্থ যুক্তিযুক্ত কারণসহ আগামী ১৫ মেয়ের মধ্যে লিখিত জবাব প্রদানের নির্দেশ প্রদান করা হলো। 

এর আগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলীর আপত্তিকর ভিডিও প্রকাশ হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনায় চামেলিকে বহিষ্কার করে মহানগর আওয়ামী লীগ। এদিকে চামেলির সঙ্গে রিয়াজের কথোপকথনের একটি অডিও ফাঁস হয়। যেখানে বহিষ্কারাদেশ প্রত্যাহারে রিয়াজকে আর্থিক সুবিধা দেওয়ার কথা বলা হয়। তবে ফাঁস হওয়া অডিও তার নয় বলে গণমাধ্যমের কাছে দাবি করেন রিয়াজ উদ্দিন রিয়াজ।