ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বেলা ১১টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২৪ এপ্রিল থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উভয় সফরের অংশ হিসেবে দেশটিতে সফরে যান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এ সফরকে প্রতিবেশী নীতির ওপর বৃহত্তর ফোকাস হিসেবে বর্ণনা করেছেন। প্রধানমন্ত্রী এ সম্পর্কে আরও বলেছেন, এ সফর দুদেশের সম্পর্ককে আরও গভীর করার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

গত শুক্রবার থাই প্রধানমন্ত্রী আয়োজিত মধ্যাহ্নভোজ সভায় যোগ দেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী থাই প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে গভর্নমেন্ট হাউজে (প্রধানমন্ত্রীর কার্যালয়) দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। উভয় নেতার উপস্থিতিতে পাঁচটি দ্বিপক্ষীয় নথি সই হয়। এর মধ্যে একটি চুক্তি, তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং একটি অভিপ্রায়পত্র রয়েছে।