রাজধানীর ফুটপাত অবৈধভাবে দখল ও বিক্রি করার সঙ্গে কারা কারা জড়িত তাদের তালিকা চেয়েছে হাইকোর্ট। জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এইচআরপিবির করা একটি রিট মামলার শুনানিতে গতকাল সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এইচআরপিবির পক্ষে রিট আবেদনটি করেছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
আদেশে ফুটপাত বিক্রি ও অবৈধ দখলকারীদের সঙ্গে কারা কারা জড়িত তা আগামী ১৩ মে’র মধ্যে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনকে জানানোর জন্য বলেছে আদালত।
এ ছাড়া আদালত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), ঢাকা জেলা প্রশাসক (ডিসি), ঢাকার উত্তর-দক্ষিণের দুই যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক) ও রাজধানীর ১৫টি থানার ওসিসহ সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতে বলেছে।