ভিয়েতনামের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

সামাজিক বীমার মাধ্যমে নাগরিকদের কল্যাণ নিশ্চিতে ভিয়েতনাম সাফল্য পেয়েছে। বাংলাদেশে সামাজিক নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে ভিয়েতনামের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ রয়েছে। ভিয়েতনামে সরকারি সফরে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এসব কথা বলেছেন বলে গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশটিতে বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাহবুব হোসেনের নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদল ২১-২৭ এপ্রিল ভিয়েতনামে সরকারি সফর করে। প্রতিনিধিদলের সঙ্গে ভিয়েতনামের শ্রম, প্রতিবন্ধী ও সমাজকল্যাণ মন্ত্রণালয়, কুয়ান নিন প্রদেশ সরকার, জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থার হ্যানয় কার্যালয়, ভিয়েতনাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ভিয়েতনামের সামাজিক নিরাপত্তা সংস্থার প্রধান কার্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা হয়।

দূতাবাস জানায়, ভিয়েতনামের শ্রম, প্রতিবন্ধী ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রিপরিষদ সচিব তার বক্তব্যে বলেন, সামাজিক বীমার মাধ্যমে নাগরিকদের কল্যাণ নিশ্চিতকরণে ভিয়েতনাম অনবদ্য সাফল্য অর্জন করেছে। বাংলাদেশে সামাজিক নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে ভিয়েতনামের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ রয়েছে।

আলোচনায় বাংলাদেশের বিদ্যমান সামাজিক নিরাপত্তাব্যবস্থার মডেল সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়। ভিয়েতনামের সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলাদেশের সমন্বিত সামাজিক নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে ব্যাপক প্রশংসা করেন।

এ সফরকালে মন্ত্রিপরিষদ সচিব ও প্রতিনিধিদল হ্যানয়ে ভিয়েতনামের নেতা হো চি মিনের সমাধিসৌধ পরিদর্শন করেন এবং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।