সরকারি-বেসরকারি উদ্যোগে সমৃদ্ধ দেশ গড়ে উঠবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের অগ্রযাত্রায় শক্তিশালী ভূমিকা রাখছেন শ্রমজীবী নারীরা। তাদের ক্ষমতায়ন জোরালো হলে বাংলাদেশ একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন সম্প্রীতির দেশ হিসেবে গড়ে উঠবে। গতকাল সোমবার দুপুরে শিশু একাডেমিতে দুস্থ স্বাস্থ্যকেন্দ্রের (ডিএসকে) ৩৫ বছর উদযাপন অনুষ্ঠানে এমন অভিমত ব্যক্ত করেছেন বিশিষ্টজনরা।

মুক্তিযুদ্ধের চেতনা অনুসরণ করে ১৯৮৮ সালে ডিএসকে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি দেশের নির্বাচিত দুর্গম প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর দারিদ্র্য দূরীকরণে কাজ করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গড়ে তুলতে সরকারি ও বেসরকারি সংগঠনের সম্মিলিত উদ্যোগে কাজ করতে হবে। ডিএসকের কর্মকাণ্ড অনেক বিস্তৃত। তারা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। হতদরিদ্র মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করছে। ডিএসকের হয়তো সম্পদ সীমিত কিন্তু তাদের উদ্দেশ্য মহৎ।

স্বাগত বক্তব্যে ডিএসকের নির্বাহী পরিচালক ড. দিবালোক সিংহ বলেন, নারীরা আমাদের কাছ থেকে পুঁজি ঋণ হিসেবে নিয়ে তাদের অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি উন্নত করতে সমর্থ হয়েছেন।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন,  এজন্য অংশীদারত্ব লাগবে।

দ্বিতীয় অধিবেশনে পাটবিজ্ঞানী এ বি এম আবদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আরমা দত্ত, বিআইডিএসের মহাপরিচালক বিনায়ক সেন, সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান, নারীনেত্রী মাহফুজা খানম, ডিএসকের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুন নাহার প্রমুখ।