যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে নিজের বাড়ি ও সংসদীয় আসন মাগুরায় গিয়েছিলেন সাকিব আল হাসান। ওখান থেকে ফিরে এসে শেখ জামালের হয়ে ডিপিএলের সুপার সিক্স পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলছেন তিনি।
বিকেএসপির ৪ নম্বর মাঠে সাকিবের শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের প্রতিপক্ষ তাদেরেই প্রতিবেশি আবাহনী। টস জিতে বোলিং করতে নেমে এরই মধ্যে শেখ জামালের উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ হাসানের উইকেট তুলে নিয়েছে শক্তিশালী দলটি।
সাকিবের দেশে ফেরার কথা ছিল ৩০ এপ্রিল। ৩ মে থেকে শুরু হতে যাওয়া পাঁচ টি-টোয়েন্টির জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় দল এখন চট্টগ্রামে। এ সিরিজের প্রথম তিন ম্যাচের দলে সাকিব থাকেননি। দল ঘোষণার পর নির্বাচক হান্নান সরকার জানিয়েছিলেন, ‘সাকিব ৩০ এপ্রিল দেশে আসবে। সে ডিপিএলের দুটি ম্যাচ খেলতে চায়। আমরা মনে করেছি, নিজেকে প্রস্তুত করার জন্য যে সময়টা প্রয়োজন, তা আসলে টি-টোয়েন্টিতে থাকে না। ৫০ ওভারের ক্রিকেটে সেই সময়টা পাওয়া যায়। ব্যাটিং বোলিংয়ের মাধ্যমে নিজেকে ঝালিয়ে নেওয়া যায়। তাই প্রথম তিন ম্যাচের দলে আমরা তাকে রাখিনি।’
নিজেকে প্রস্তুত করার লক্ষ্য পূরণে একদিন আগেই দেশে ফিরে আসেন সাকিব। এসেই সরাসরি খেলতে নেমে গেলেন। ম্যাচে অদ্ভুত ঘটনাও ঘটেছে। আবাহনীর আবেদনের প্রেক্ষিতে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চট্টগ্রাম থেকে ঢাকায় এসে ডিপিএল খেলছেন তিন ক্রিকেটার আফিফ হোসেন, তানভির ইসলাম ও তানজিম হাসান সাকিব। প্রথম ওভারে সাইফের উইকেটটি নিয়েছেন তানজিম।
একই ভাবে ছুটি দেওয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকেও। মোহামেডানের হয়ে পাশের ৩ নম্বর মাঠে তিনি খেলছেন শাইনপুকুরের বিপক্ষে। রিয়াদ-মিরাজ করছেন ব্যাটিং। দিনের আরেক ম্যাচে তামিমের প্রাইম ব্যাংকের বিপক্ষে আগে ব্যাটিং করছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।