হ্যাটট্রিকে সুয়ারেজকে ছাড়িয়ে বার্সাকে জেতালেন লেভানডফস্কি

রবার্ট লেভানডফস্কির অনবদ্য হ্যাটট্রিক, প্রথমার্ধের শেষেই প্রতিপক্ষের খেলোয়াড় সংখ্যা ১০ জনে নেমে আসা, টার স্টেগেনের অবিশ্বাস্য ভুলে গোল হজম করা- এমন নানা ঘটনাবহুল ম্যাচটি ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-৪ গোলে জিতে নিয়েছে কাতালান জায়ান্ট বার্সেলোনা।

ম্যাচের ২২ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে করা রাফিনহার দারুণ ক্রসে লাফিয়ে উঠে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান ফের্মিন লোপেজ। মাত্র ৫ মিনিট এগিয়ে ছিল বার্সেলোনা। ২৭তম মিনিটে অপ্রত্যাশিত ভুল করে বসেন বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন। ক্লিয়ার করতে গিয়ে উল্টো ভ্যালেন্সিয়ার হুগো দুরোর কাছে বল দিয়ে বসেন। দুরো সমতায় ফেরান দলকে। ম্যাচের ৩৮ মিনিটে আরাউহোর ফাউলে পেনাল্টি পায় ভ্যালেন্সিয়া। সফল স্পটকিকে ২-১ গোলের লিড এনে দেন পেপেলু।

তবে প্রথমার্ধের যোগ করা সময়ের শেষদিকে ভ্যালেন্সিয়া গোলরক্ষক জিওর্জি মামারদাশভিলি দেখেন লাল কার্ড। নিয়ন্ত্রণ হারিয়ে বক্সের বাইরে চলে যাওয়া বলে শট নেন লামিন ইয়ামাল। ঠেকাতে গিয়ে সেই বল লেগে যায় জিওর্জির হাতে। ভিএআরের ফলাফল শেষে ১০ জনের দলে পরিণত হতে হয় ভ্যালেন্সিয়াকে।

ম্যাচের দ্বিতীয়ার্ধের গল্প পুরোটুকু রবার্ট লেভানডফস্কির। ৪৯তম মিনিটে গুন্দোগানের কর্নার থেকে হেডে গোল করে শুরু। ৮২ মিনিটে বক্সে জটলার মধ্য থেকে করা দ্বিতীয় গোলটিও হেডারে। ম্যাচের যোগ করা সময়ে করা হ্যাটট্রিক পূরণের গোলটি সবচেয়ে সুন্দর। বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া মাপা ফ্রিকিকে এ পোলিশ স্ট্রাইকার পেয়ে যান নিজের লা লিগা অধ্যায়ের প্রথম হ্যাটট্রিক। ক্যারিয়ারে এটি তার ৩০তম হ্যাটট্রিক। এতোদিন লুইস সুয়ারেজ ও লেভা সমান ২৯ হ্যাটট্রিক নিয়ে ছিলেন সর্বোচ্চ হ্যাটট্রিকধারীদের তালিকায় চার নম্বরে।

ম্যাচশেষে লেভাকে নিয়ে জাভির ভাষ্য, ‘আমি কারো ভবিষ্যত সম্পর্কে মন্তব্য করতে চাই না। আমি রবার্ট যেভাবে নিজের কাজগুলো করেন, অনুশীলন করেন-সে সবের জন্য আমি ভীষণ খুশি। লকাররুমে তাকে নিয়ে উদাহরণ টানা যায়। এ জন্যই আজ সে হ্যাটট্রিক করেছে।’

৩৩ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে জিরোনাকে হটিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৭১ পয়েন্ট জিরোনার। ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের আটে ভ্যালেন্সিয়া। আর ৮৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ।