আইনজীবী ফোরাম থেকে ব্যারিস্টার খোকনের অব্যাহতি প্রত্যাহার

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সুপ্রিম কোর্ট বারের সভাপতির পদে দায়িত্ব পালন এবং বিএনপির শীর্ষ আইনজীবীদের বিরুদ্ধে কটুক্তির অভিযোগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনকে দেওয়া অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ ফোরামের এক শীর্ষ আইনজীবী নেতা দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। 

ইতোমধ্যে বিষয়টি চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। ওই আইনজীবী নেতা বলেন, গত ২৫ এপ্রিল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের শীর্ষ কয়েকজন নেতা ও আইনজীবীদের মধ্যে বৈঠক হয়। সে বৈঠকে মাহবুব উদ্দিন খোকন ছিলেন। আলোচনা শেষে বিষয়টি সমাধানের তাগিদ দেন শীর্ষ নেতারা। এর ধারাবাহিকতায় মাহবুব উদ্দিন খোকন আইনজীবীদের বিরুদ্ধে কটুক্তির বিষয়ে দু:খ প্রকাশ করেছেন। এরপর তাকে অব্যাহতির আদেশটি প্রত্যাহার করা হয়েছে। 

গত ২১ এপ্রিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি পদ থেকে বমাহবুব উদ্দিন খোকনকে অব্যাহতি দেওয়া হয়। ফোরামের পক্ষে খোকনকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়। মাহবুব উদ্দিন খোকন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য‌। গত মার্চের প্রথম সপ্তাহে সুপ্রিম কোর্ট বারের ভোট অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী মাহবুব উদ্দিন খোকন জয়ী হন। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগ তোলে ভোট গণনার বিষয়টি বর্জন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। কিছুদিন আগে খোকনকে সভাপতি পদে দায়িত্ব পালন বিরত থাকতে বলে ফোরাম। এটি দলীয় সিদ্ধান্ত বলে তাকে চিঠি দেয় ফোরাম। তবে সম্প্রতি সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর ৭ এপ্রিল গুলশানস্হ বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির শীর্ষ পর্যায়ের আইনজীবীদের বৈঠক শেষে খোকনকে অব্যাহতি দেওয়ার এ সিদ্ধান্ত হয়।