সংস্কারাধীন কালুরঘাট সেতুতে ধাক্কা দেয়া এমভি সমুদা-১ নামে লাইটারেজ জাহাজটিকে হেফাজতে নিয়েছে সদরঘাট নৌ-পুলিশ। মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টাগবোটের সাহায্যে জাহাজটি সেতু থেকে ছাড়িয়ে নেয় নৌ পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নৌ পুলিশ সূত্র।
এর আগে বুধবার দুপুরে এমভি সমুদা-১ নামে জাহাজটি প্রবল স্রোত ও বাতাসে নিয়ন্ত্রণ হারিয়ে কালুরঘাট সেতুর ৯ নম্বর স্প্যানে ধাক্কা খায়। এরপর জাহাজটি সেতুর সঙ্গে আটকে যায়। খবর পেয়ে বাংলাদেশ রেলওয়ের প্রকৌশলী ও সেতু সংস্কারের কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে জাহাজটি সেতু থেকে ছাড়িয়ে নেয়ার জন্য নৌ পুলিশের একটি টাগবোট সেখানো পাঠানো হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টাগবোটের সাহায্যে জাহাজটি ছাড়িয়ে নেয়া হয়।
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিসান দত্ত ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, জাহাজের ধাক্কায় সেতুর কী ধরনের ক্ষতি হয়েছে সেটি তদন্ত সাপেক্ষে বলা যাবে। আগে সেতু থেকে আটকে থাকা জাহাজটি ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, স্প্যানে ধাক্কা লাগলেও সেতুর ওপরে থাকা রেল ট্র্যাকের কোনো ক্ষতি হয়নি। তাই সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।
সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. একরাম উল্লাহ রাত ৮টায় দেশ রূপান্তরকে জানান, কালুরঘাট সেতুতে ধাক্কা দেয়া লাইটারেজ জাহাজটিকে টাগবোটের সাহায্যে উদ্ধারের পর আমরা হেফাজতে নিয়েছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।