অসহ্য গরমে প্রাথমিক স্কুলে আসা কমিয়ে দিয়েছে শিশুরা। তাদের ক্লাসে ফেরাতে অভিনব উদ্যোগ নিয়েছে ভারতের উত্তরপ্রদেশের একটি স্কুল। প্রতিষ্ঠানটি একটি কক্ষে কৃত্রিম সুইমিংপুলের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, স্কুলটি উত্তরপ্রদেশের কানৌজ জেলার মাসাওনাপুর গ্রামে অবস্থিত। কর্তৃপক্ষ বিদ্যালয়ের একটি কক্ষ থেকে চেয়ার, টেবিল ও ব্ল্যাকবোর্ড সরিয়ে সেটিকে সুইমিংপুলে পরিণত করেছে। সরেজমিনে দেখা যায়, ওই স্কুলে প্রায় দুই ফুট পানিতে থৈ থৈ করছে শ্রেণিকক্ষের মেঝে। সেই পানিতে হুটোপুটি করছে শিশুরা।
স্কুলটির অধ্যক্ষ বৈভব রাজপুত ওই গ্রামে স্থানীয়দের কাছে ‘মজার আইডিয়ার মানুষ’ হিসেবে পরিচিত।
তিনি বলেন, কয়েক দিন ধরে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গরমে শিক্ষার্থীদের কষ্ট হচ্ছিল। অনেকে স্কুলে আসা বন্ধ করে দেয়। তাই মনে হলো যদি স্কুলের ভেতরেই পানিতে হুটোপুটির ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো শিক্ষার্থীরা ফিরে আসবে। ভাবনাটি কাজে দিয়েছে।