দেশজুড়ে চলছে দাবদাহ। জনজীবনে নেমেছে অস্থিরতা। এই গরমে সবথেকে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষরা। যাদের জীবিকার তাগিদে রাস্তায় বের হতেই হচ্ছে। সেই মানুষদের এতটুকু প্রশান্তি দেওয়ার জন্য টিফিনের টাকা জমিয়ে শরবত পান করাচ্ছে কয়েকজন শিক্ষার্থী।
বুধবার (১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত বরপা এলাকায় দশম শ্রেণীর শিক্ষার্থী ইসরাত জাহান ঈশিকা, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ হাসান ভুঁইয়া, অর্ণব ভুইয়া, অরিন ভুঁইয়া, অবন্তিসহ কয়েকজন শিক্ষার্থী মিলে পথচারীদের শরবত ও পানি পান করাতে দেখা গেছে।
শিক্ষার্থী ঈশিকা বলেন, তীব্র গরমে মানুষ খুব কষ্টে আছে। এ কারণে আমরা কয়েকজন শিক্ষার্থী মিলে টিফিনের টাকা জমিয়ে মানুষের কষ্ট কমানোর জন্য পথচারীদের শরবত ও সুপেয় পানি পান করাচ্ছি।
শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।