ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পশ্চিম সেজামুড়া গ্রামে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক দিনমজুর পরিবারের বসতঘর ও আসবাবপত্র। বুধবার (১ মে) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার সেজামুড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে আগুনের কারণ এখনো জানা যায়নি।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার পশ্চিম সেজামুড়া গ্রামের বাসিন্দা দিনমজুর রেজ্জাক মিয়ার বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মাটির দেওয়ালের একটি ঘরে স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েকে নিয়ে থাকতেন তিনি। শেষ সম্বল বসবাসের ঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে যাওয়ায় দিশেহারা অবস্থা তাদের। পেশায় তারা স্বামী-স্ত্রী উভয়ই দিনমজুর।
জানা গেছে, গতরাতে রেজ্জাক দম্পতি মানুষের বাড়িতে কাজ করতে যান। পরে বাড়িতে আগুনের খবর পেয়ে ছুটে আসেন তারা। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের আনেন। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা রাতে ঘটলেও সকালে উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে স্থানীয়রা উপজেলা ফায়ার স্টেশনের কর্মীদের কাজে উদাসীনতা ও তাদের তৎপরতা প্রশ্নবিদ্ধ!
অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা সম্পর্কে জেলায় প্রতিবেদন পাঠানো হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী ছুটে যান। গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন।