ইসরায়েলি পুলিশকে ছুরিকাঘাত, ঘটনাস্থলেই প্রাণ গেল তুর্কি নাগরিকের

জেরুজালেমে একজন ইসরায়েলি সীমান্ত পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করায় এক তুর্কি নাগরিককে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার ঘটনাস্থলেই তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। 

পুলিশ হামলাকারীকে ৩৪ বছর বয়সী তুর্কি নাগরিক বলে শনাক্ত করেছে। গত সোমবার পর্যটক হিসেবে জর্ডান থেকে ইসরায়েলে প্রবেশ করেছিলেন তিনি। অপরদিকে ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্যের চোট মাঝারি ধরনের বলে জানা গেছে।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, ছুরি নিয়ে এক সশস্ত্র সন্ত্রাসী জেরুজালেমের ওল্ড সিটিতে এসেছিল। সীমান্ত পুলিশ অফিসারকে ছুরিকাঘাত করেছে। এতে আরো বলা হয়, আহত পুলিশ সদস্য এবং ঘটনাস্থলে থাকা অন্য একজন কর্মকর্তা সংঘর্ষে লিপ্ত হন এবং হামলাকারীকে গুলি করেন।

গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এদিকে গাজায় এর জবাবে সাত মাস ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।