ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় যাওয়ার পথে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার শিকার হয়েছে জর্ডানের ত্রাণবাহী গাড়ির বহর।
খাদ্য ও জরুরি সামগ্রী বহনকারী জর্ডানের দুটি ত্রাণবহর হামলার শিকার হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
তবে হামলার শিকার হওয়া সত্ত্বেও ত্রাণবাহী বহর দুটি তাদের যাত্রা চলমান রেখে যুদ্ধ-বিধ্বস্ত গাজায় গন্তব্যস্থলে পৌঁছাতে সক্ষম হয় বলে বিবৃতিতে জানায় জর্ডান মন্ত্রণালয়। তবে কীভাবে হামলা হল এবং হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি দেশটি।
গাজা উপত্যকায় পৌঁছাতে অধিকৃত পশ্চিম তীর এবং ইসরায়েলের ভেতর দিয়ে সাহায্য সরবরাহের রাস্তা রয়েছে।
ত্রাণবহরে হামলার নিন্দা জানিয়েছে জর্ডান কর্তৃপক্ষ। বলছে, ইসরায়েলি কর্তৃপক্ষ আন্তর্জাতিক সংস্থা এবং এর ত্রাণবহরগুলোর নিরাপত্তা বিধানে দায়বদ্ধ।
যুক্তরাষ্ট্রের অনুরোধে ইসরায়েল গত বুধবার (১ মার্চ) গাজা স্ট্রিপের উত্তর প্রান্তে একমাত্র ক্রসিং খুলে দেয়। ফলে ইরেজ চেকপয়েন্ট দিয়ে ত্রাণবাহী ট্রাকগুলোকে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এই রুট ব্যবহআর করেই জর্ডানের ত্রাণবাহী গাড়ির বহর গাজার দিকে এগুচ্ছিল।
দেশটি জানায়, জর্ডা্নের ৩১টি ট্রাকের একটি বহর উত্তর গাজায় ইরেজ ক্রসিং এর দিকে যাচ্ছিল এবং আরও ৪৮টি ট্রাক দক্ষিণ গাজার কেরাম শালোম ক্রসিং এর দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকগুলো খাদ্য, ময়দা এবং অন্যান্য সাহায্য বহন করছিল।