আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা হবে না ইংলিশ প্রিমিয়ার লিগের পঞ্চম অবস্থানে থাকা দলের। সেই স্থানে জার্মানির বুন্দেসলিগার পাঁচে থাকা দলের জন্য দুয়ার খুলেছে ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে অংশ নেওয়ার।
বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে পিএসজি হারায় বরুশিয়া ডর্টমুন্ড। তার আগের রাতে রিয়াল মাদ্রিদের সঙ্গে ড্র করে বায়ার্ন মিউনিখ। তাতে কো-এফিশিয়েন্ট র্যাংকিংয়ে জার্মানির পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮.৩৫৬।
ইউরোপা কনফারেনস লিগে যদি অ্যাস্টন ভিলা শিরোপাও জেতে তবে ইংল্যান্ডের সর্বোচ্চ পয়েন্ট হবে ১৮.২৫। জার্মানিকে টপকানো সম্ভব হবে না তাদের। তাই ইতালির পর দ্বিতীয় দেশ হিসেবে জার্মানির পাঁচটি ক্লাব সরাসরি খেলার সুযোগ পাবে চ্যাম্পিয়নস লিগে।
কো-এফিশিয়েন্ট র্যাংকিং
১। ইতালি, পয়েন্ট: ১৯.৪২৮। বাকি থাকা দল: আতালান্তা, রোমা, ফিওরেন্তিনা।
২। জার্মানি, পয়েন্ট: ১৮.৩৫৬। বাকি থাকা দল: বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ডম, বেয়ার লেভারকুসেন।
৩। ইংল্যান্ড, পয়েন্ট: ১৭.৩৭৫। বাকি থাকা দল: অ্যাস্টন ভিলা
৪। ফ্রান্স, পয়েন্ট: ১৬.০৮৩। বাকি থাকা দল: পিএসজি
৫। স্পেন, পয়েন্ট: ১৫.৪৩৭। বাকি থাকা দল: রিয়াল মাদ্রিদ
অবশ্য সুযোগ আছে এই দুটি দেশেরই ছয়টি ক্লাবের চ্যাম্পিয়নস লিগে খেলার। প্রথমত ডর্টমুন্ড যদি চ্যাম্পিয়নস লিগ জেতে এবং বুন্দেসলিগায় সেরা চারে না থাকে। এবং আতালান্তা ও রোমার মধ্যে কোনো দল যদি ইউরোপা লিগ জেতে। তবে যেটাই হোক, সবচেয়ে সুবিধা হচ্ছে ডর্টমুন্ডের। কেননা এ মৌসুমে বুন্দেসলিগায় পঞ্চম অবস্থানে থাকার সম্ভাবনাই বেশি তাদের।